কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমানো ও শ্রমসংকট দূর করার লক্ষ্যে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট)-এর উদ্যোগে ‘রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তির মাধ্যমে ধান চাষাবাদ’ শীর্ষক এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, সনাতন পদ্ধতিতে হাতে ধান রোপণ করতে প্রচুর শ্রমিক ও সময়ের প্রয়োজন হয়, যা চাষিদের উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করলে শ্রমিক ও রোপণ খরচ প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে আসে। এছাড়া নির্দিষ্ট গভীরতায় ও সমান দূরত্বে চারা রোপণ করা সম্ভব হওয়ায় ধানের ফলন বৃদ্ধি পায়। সারিবদ্ধভাবে রোপণের ফলে নিড়ানি দেওয়া এবং সার ও কীটনাশক প্রয়োগ করাও সহজতর হয়।
প্রদর্শনীতে অংশ নেওয়া স্থানীয় কৃষকরা ট্রে-তে চারা তৈরি এবং রাইস ট্রান্সপ্লান্টারের কার্যকারিতা দেখে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
সিমিট-এর প্রতিনিধিরা জানান, পরিবর্তিত জলবায়ুর প্রভাব মোকাবিলা এবং তরুণ প্রজন্মকে কৃষিকাজে আগ্রহী করে তুলতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রসারে তারা বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রদর্শনী ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, পার্টনার প্রজেক্টের সিনিয়র মনিটরিং অফিসার মো. হাফিজ হাসান এবং অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ রোকনুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর