সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরকার দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ বিষয়ে জনগণই জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় না মানাকে বিএনপির প্রথম ভুল হিসেবেও উল্লেখ করেন তিনি।
সংবিধান নিয়ে সরকারের ব্যস্ততা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরে গিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। এ কারণে জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে এবং অনেকে সরকারের ওপর আস্থা হারাতে শুরু করেছেন।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন দেশে কোনো সরকার নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এর আগে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি অনুষ্ঠানে যোগ দেন মিয়া গোলাম পরওয়ার। সেখানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় দেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর